মে দিবস শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এক রক্তঝরা ইতিহাস — ইমরান ইভান

 মে দিবস : শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এক রক্তঝরা ইতিহাস।

May Day

মে দিবস শুধু একটি দিন বা তারিখ নয়, এটি শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, সংগ্রাম আর অধিকার আদায়ের ইতিহাস বহন করে। ভোরের সূর্য যখন পুব আকাশে নতুন আলো ছড়ায়, সেই আলোয় চিকচিক করে ওঠে শ্রমিকের কপালে জমে থাকা ঘামের বিন্দু। পৃথিবীর সকল চাকা যারা সচল রাখে—আজকের এই দিনটি সেই শ্রমজীবী মানুষের।

আজকের উন্নত সমাজ, শিল্প-কারখানা, শহর কিংবা গ্রামীণ অর্থনীতি—সবকিছুর পেছনে আছে শ্রমিকের অবদান। তখনকার সময়ে শ্রমিকদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা ছিল না, অমানবিক পরিবেশে হাড়ভাঙা খাটুনি খাটতে হতো তাদের। ইতিহাস বলছে, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। সেই আন্দোলন দমন করতে গিয়ে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা, যা ইতিহাসে পরিচিত হয়ে আছে হে-মার্কেট ট্র্যাজেডি (Haymarket affair) নামে। সেই রক্তাক্ত সংগ্রামের পথ ধরেই আজ বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন শক্ত ভিত্তি পায়। শ্রমিকের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে "আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন এবং আট ঘণ্টা বিশ্রাম"-এর অধিকার।
মে দিবস তাই শুধু একটি স্মৃতিচারণ নয়, এটি একটি প্রতিজ্ঞা— শ্রমিকের ঘাম যেন কখনো অবহেলিত না হয়, তাদের পরিশ্রম যেন ন্যায্য মূল্য পায়।
একজন শ্রমিক যখন ভোরে ঘর ছাড়ে, তখন তার চোখে থাকে জীবিকার স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা। সেই স্বপ্ন পূরণের পথেই সে গড়ে তোলে আমাদের সমাজ।

দুঃখজনক হলেও সত্য, আজও অনেক জায়গায় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সম্মান থেকে বঞ্চিত। তাই মে দিবস আমাদের আবারও মনে করিয়ে দেয়—শুধু উদযাপন নয়, দায়িত্বও রয়েছে। শ্রমিকের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য।
মে দিবস আমাদের শেখায়, কোনো কাজই ছোট নয়, কোনো শ্রমই অবহেলার নয়। একজন রিকশাচালক, একজন কৃষক, একজন গার্মেন্টস শ্রমিক বা নির্মাণশ্রমিক—সবাই এই সমাজের ভিত্তি।

মে দিবস শুধু একটি দিন নয়; এটি মানবতার প্রতি সম্মান, শ্রমের প্রতি শ্রদ্ধা এবং ন্যায়ের প্রতি অঙ্গীকার। শ্রমিকের ঘামে যে পৃথিবী গড়ে ওঠে, সেই শ্রমিকই যদি অবহেলিত থাকে, তবে সেই উন্নয়ন অসম্পূর্ণ।

আসুন, এই মে দিবসে আমরা প্রতিজ্ঞা করি—শ্রমের মর্যাদা রক্ষা করব, শ্রমিকের অধিকার নিশ্চিত করব, আর গড়ে তুলব একটি ন্যায়ভিত্তিক সুন্দর সমাজ।

✍️ইমরান ইভান
শিক্ষক ও কবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ